তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি, গণভোটের বিধান বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে করা আপিলের রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করবেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার (৮ জুলাই) সব পক্ষের শুনানি শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।
পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতের কাছে আবেদন জানান, সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক নয়—এমন বিধানগুলো বহাল রেখে বাকি বিষয়গুলো সংসদের বিবেচনার জন্য ছেড়ে দেওয়া হোক।
জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী শিশির মনিরও একই ধরনের আবেদন জানান। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর যেসব বিধান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো বাতিল করে অবশিষ্ট বিষয় সংসদের সিদ্ধান্তের জন্য ছেড়ে দেওয়া উচিত।
অন্যদিকে, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদ ছাড়া পঞ্চদশ সংশোধনীর বাকি সব বিধান বাতিলের দাবি জানান।