চট্টগ্রামে সাম্প্রতিক পাহাড়ধসের ঘটনায় অবৈধভাবে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (৮ জুলাই) নগরের পাঁচলাইশ থানার চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ দাবি জানান।
এর আগে মেয়র দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত শিশুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সিটি করপোরেশন পাহাড় কাটা রোধে কাজ করছে। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, অবৈধভাবে পাহাড় কেটে খাড়া ঢাল তৈরি করায় পুরো এলাকা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়টি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আরবান হেলথ সেন্টারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
চসিক মেয়র আরও বলেন, গত ৪৫ বছরের মধ্যে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি রাজনৈতিক বিভেদ ভুলে সম্মিলিতভাবে দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।