সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যারা জনগণের টাকা লুট করেছে, তারা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে এনে ‘ডিম থেরাপি’ দিয়ে জনগণের অর্থ আদায় করতে হবে।
তিনি আরও বলেন, ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা হতে পারে না। একই সঙ্গে ‘হেয়ার কাট’ বা আমানতের অর্থ কর্তনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অর্থমন্ত্রীর কাছে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমানতকারীদের অর্থ সুদসহ ফেরত দেওয়া হবে এবং কোনো ধরনের ‘হেয়ার কাট’ করা হবে না। তিনি জানান, সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে, যাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত থাকে।
অর্থমন্ত্রী আরও জানান, আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে এবং দায়ীদের সম্পদ জব্দ ও বিক্রির মাধ্যমে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগও চলমান রয়েছে। পাশাপাশি ব্যাংক লুটের ঘটনায় জড়িতদের শনাক্তে বিশেষ ফরেনসিক অডিট পরিচালনা করা হচ্ছে।