বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, বিএনপি পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের চেতনাকে দেশের মূলধারার রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চাইছে।
তিনি বলেন, ছোট শিশুদের খেলায় ‘দুধভাত’ হিসেবে রাখার মতো করেই জুলাইয়ের চেতনাকে গুরুত্বহীন করে রাখার একটি প্রকল্প হাতে নিয়েছে দলটি। বুধবার (৮ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলের আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, বিএনপি মুখে জুলাই বিপ্লবের প্রতি সমর্থন জানালেও বাস্তবে সেই চেতনা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বরং সুপরিকল্পিতভাবে এই চেতনাকে দুর্বল করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি নিজেদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে ভবিষ্যতে রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
তিনি আরও বলেন, অতীতে বিএনপির ওপর নির্ভর করে বারবার হতাশ হতে হয়েছে। তাই এবার বিকল্প রাজনৈতিক পথ অনুসরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। একই সঙ্গে তিনি দ্রুত ‘জুলাই জাদুঘর’ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।
বর্তমান সরকারের উদ্দেশেও মন্তব্য করে মামুনুল হক বলেন, জনগণের অধিকার নিশ্চিত না করে শুধু বিভিন্ন সামাজিক কর্মসূচি দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।