ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
আমন্ত্রণপত্রে ফোরামে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রীকে মূল বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সফরের সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর একটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করতে পারে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, ইইউর ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের পাঠানো একটি অভিনন্দন বার্তাও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ওই বার্তায় তাঁকে অভিনন্দন জানানো হয়।
এ সময় বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের অগ্রগতি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা, প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), উচ্চপর্যায়ের সফর এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকট ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
বৈঠকের শেষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।