প্রতারণার অভিযোগে সমালোচিত দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ফেস দ্য পিপলের প্রকাশক ও সম্পাদক সাইফুর সাগর।
গত বুধবার (১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি এ মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, মাস্তুল ফাউন্ডেশন একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সম্পাদিত ও বিকৃত ভিডিও ও অডিও প্রকাশ করে সাইফুর সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করেছে। এর ফলে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এর আগে “যাকাতের টাকায় সুদের কারবার, মাস্তুলের অভিনব প্রতারণা” শিরোনামে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে ফাউন্ডেশনটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
মামলার আবেদনে আরও দাবি করা হয়েছে, প্রকাশিত ভিডিওতে বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। এ ঘটনায় আদালতের মাধ্যমে আইনগত প্রতিকার চেয়েছেন সাইফুর সাগর।
এ বিষয়ে মামলার পরবর্তী শুনানির তারিখ বা আদালতের পরবর্তী আদেশ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।