স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রসূতি সেবার মান উন্নয়ন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লেবার রুম থাকা জরুরি।
তিনি আরও জানান, নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ বাস্তবায়নে মনিটরিং জোরদার করার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় বেসরকারি খাতের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।