জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির প্রথম পর্ব শুরু হবে ১ জুলাইয়ের প্রথম প্রহরে। এ উপলক্ষে ৩০ জুন মঙ্গলবার রাত ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
ছাত্রদল জানিয়েছে, গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সংশ্লিষ্ট সবার অবদানের স্বীকৃতি এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই মাসব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি পর্যায়ক্রমে সারা দেশের বিভিন্ন ইউনিটেও একই ধরনের আয়োজন করা হবে।