প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর এবং এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ‘ভিক্ষার ঝুলি’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের কোনো মন্ত্রী বিদেশে ভিক্ষার ঝুলি হাতে যাবেন—এমনটি কেউই প্রত্যাশা করেন না। তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা নিয়েও চোখ বন্ধ করে থাকা উচিত নয়। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে ‘ভিক্ষার ঝুলি’ প্রসঙ্গ টেনে বিষয়টি এড়িয়ে গেছেন।
তিনি বাজেটের বড় ঘাটতির বিষয়টি তুলে ধরে বলেন, ঘোষিত বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, খেলাপি ঋণ বৃদ্ধি, ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতার মতো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশের অর্থনীতি।
রুমিন ফারহানা জানতে চান, প্রধানমন্ত্রীর চীন সফর থেকে বাংলাদেশ কোনো ঋণ বা বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে কি না। তিনি বলেন, প্রতি বছর উচ্চাভিলাষী বাজেট দেওয়া হলেও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় বাজেট ঘাটতি ক্রমেই বাড়ছে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব অর্থনীতির ওপর পড়ছে।