দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জ্ঞানভিত্তিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে জাতীয় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। পরে প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ ও উদ্ভাবনী আইডিয়া পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন এবং এসব উদ্যোগ এগিয়ে নিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী, স্টার্টআপ উদ্যোক্তা এবং সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।