প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। তাই ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই।
পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র আশুরা শুধু শোক ও স্মরণের দিন নয়; এটি সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও নৈতিক দৃঢ়তার চিরন্তন শিক্ষা বহন করে। কারবালার ঘটনা যুগে যুগে মানুষকে সত্যের পক্ষে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করে এসেছে।
তিনি বলেন, প্রায় ১৪ শত বছর আগে কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) জুলুম ও স্বৈরাচারের কাছে মাথা নত না করে শাহাদত বরণ করেন। তার আত্মত্যাগ কারবালাকে সত্য ও ন্যায়ের সংগ্রামের অবিনাশী প্রতীকে পরিণত করেছে।
আশুরার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি হজরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনাও জানান