বাংলাদেশ-ভারত সীমান্তে বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক, সীমান্ত ব্যবস্থাপনা এবং বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্ত সমস্যাসহ অন্যান্য ইস্যুর ইতিবাচক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, সম্প্রতি বিএসএফ ও বিজিবির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সীমান্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আরও নিয়মিত বৈঠকের মাধ্যমে সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে আশা করেন, তার দায়িত্বকাল বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রতিবেশী দেশ ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়।
জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।