জুলাই হত্যাকাণ্ডসহ অতীতের গুম, খুন ও গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিচারপ্রত্যাশী মানুষের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে ‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট ও আন্দোলনের পর জনগণ একটি নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন খাতে দলীয় প্রভাব ও রাজনৈতিক বিবেচনার সংস্কৃতি এখনও পুরোপুরি দূর হয়নি। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জামায়াত আমির বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা জাতির জন্য ক্ষতিকর। তাই অতীতের সব গুম, খুন ও নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি নতুন বা পুরোনো—কোনো ধরনের স্বৈরাচারী প্রবণতা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।