আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। তবে এবার তাকে প্রদর্শনীর জন্য নয়, বরং উন্নত জিনগত ও বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে সেখানে নেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মহিষটিকে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করে। বর্তমানে তাকে বিশেষ কোয়ারেন্টাইনে রেখে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।
বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ড. গৌতম কুমার দেব জানান, মহিষটিকে ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময় তার স্বাস্থ্য পরীক্ষা এবং সম্ভাব্য সংক্রামক রোগ শনাক্তের কাজ চলবে। কোয়ারেন্টাইন শেষ হলে গবেষণার মূল কার্যক্রম শুরু হবে।
নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা এই বিরল মহিষটির মাথার অদ্ভুত চুলের স্টাইল দেখে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ভাইরাল হলে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশেষজ্ঞদের আশা, এই অ্যালবিনো মহিষ নিয়ে গবেষণা ভবিষ্যতে প্রাণিসম্পদ উন্নয়ন ও জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।