বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে খুশি করার জন্য নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করাই গণমাধ্যমের দায়িত্ব।
তিনি বলেন, “বিএনপি কিংবা আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করুন।”
শনিবার (২০ জুন) যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা। একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে তথ্যভিত্তিক অনুসন্ধান ও সচেতনতা জরুরি।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনদিনের এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের ৭০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।