দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক পরিবর্তন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে একদলীয় শাসনের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
গণভোট প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, জনগণের রায়কে সম্মান করা গণতন্ত্রের মৌলিক শর্ত। তিনি দাবি করেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণ সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে। তাই সরকারের উচিত জনগণের সেই রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো শাসনব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। মানুষের রায়কে অগ্রাহ্য করা হলে জনমতই তার জবাব দেবে।
সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।