জাতীয় সংসদ কক্ষের চেয়ারগুলোর নকশা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, চেয়ারগুলোর পেছনের অংশে থাকা পিন খোলা থাকায় অনেক সংসদ সদস্যের হাত কেটে যাচ্ছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।
বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদ কক্ষে ৩০০টিরও বেশি চেয়ার রয়েছে, তবে সেগুলোর বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। তার ভাষ্য, অনেক সংসদ সদস্য দীর্ঘদিনের শারীরিক সমস্যায় ভুগছেন। চেয়ারগুলোর পেছনে প্রায় তিন ইঞ্চি ফাঁকা জায়গা থাকায় বসতে অসুবিধা হচ্ছে, এমনকি তরুণ সদস্যদেরও অস্বস্তির মুখে পড়তে হচ্ছে।
চেয়ারগুলোর অতিরিক্ত ওজন নিয়েও মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সময়ও চেয়ারগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তার দাবি, অতীতে চেয়ারগুলো এমনভাবে ভারী করা হয়েছিল যাতে সেগুলো সহজে সরানো বা নিক্ষেপ করা না যায়। বর্তমানে এসব চেয়ার ব্যবহার করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও একটি চেয়ারের কারণে হাতে আঘাত পেয়েছেন। চেয়ারগুলোর খোলা পিনের কারণে প্রায় সব সংসদ সদস্যই ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা ঝোঁকানোর প্রচলিত রীতির বিষয়েও আলোচনা তোলেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এ বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্ত থাকা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের সংসদে এ ধরনের রীতি রয়েছে উল্লেখ করে তিনি জানতে চান, এটি ইসলামি মূল্যবোধ বা জাতীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক কি না।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাথা ঝোঁকানোর বিষয়টি নিয়ে তিনি পরে সিদ্ধান্ত জানাবেন।