দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং গণমাধ্যম খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশ চাইলে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারে।
রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি জানান, এ দুই লক্ষ্যকে সামনে রেখেই সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গণমাধ্যম সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে একটি খসড়া প্রণয়ন কমিটি (ড্রাফট কমিটি) গঠন করা হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, ড্রাফট কমিটি সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও সুপারিশের ভিত্তিতে একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করবে। পরবর্তীতে সেই কর্মপরিকল্পনার আলোকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।
বৈঠকে উভয়পক্ষ গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা নিশ্চিত করার গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন।