বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার মাহফুজুল হক। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, মেডিক্যাল ট্যুরিজম এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাফল্য এবং ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান ইরানের রাষ্ট্রদূত। একই সঙ্গে আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
এসময় সাম্প্রতিক সংঘাতে নিহত ইরানের নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান ডা. শফিকুর রহমান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে ধন্যবাদ জানান।
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, এই শান্তি চুক্তি কার্যকর থাকবে এবং ভবিষ্যতে ইরান প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ-ইরান ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন এবং ঢাকা-তেহরান সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে গুরুত্বারোপ করে। এছাড়া বাংলাদেশে ইরানের সহযোগিতায় একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবও উত্থাপন করেন ডা. শফিকুর রহমান।
ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে ইরান সরকারের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।