জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনকে নিয়ে বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
শনিবার (১৩ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মনিরা শারমিন একসময় আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত থাকলেও পরে ক্যারিয়ারকে প্রাধান্য দেন। পোস্টে তিনি লেখেন, “কথিত আছে, মনিরা শারমিন এক ছাত্রলীগ নেতাকে বিয়ে করে সরকারি চাকরি নিয়েছিলেন।”
একই পোস্টে আবু হানিফ আরও দাবি করেন, জুলাই আন্দোলনের আগে মনিরা শারমিনকে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সক্রিয়ভাবে দেখা যায়নি। তিনি বলেন, জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে এসে তিনি বড় রাজনৈতিক পরিচিতি লাভ করেছেন।
এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের রাজনৈতিক ভূমিকারও প্রশংসা করেন আবু হানিফ। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থান ও সরকারবিরোধী আন্দোলনে নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা অস্বীকার করার সুযোগ নেই।
এর আগে এনসিপি নেত্রী মনিরা শারমিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুরুল হক নুরকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য সামনে আসে।