মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ি চলে যাওয়ার চার দিন পর ফিরে এসে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছেন এক নারী। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস মাঝি (৩৮) ডহুরি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্রুনাই প্রবাসী ছিলেন এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে ইলিয়াস মাঝির সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। অভিমান করে ডলি বেগম পাশের বাবার বাড়িতে চলে যান। এরপর ইলিয়াস মাঝি নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে একাই অবস্থান করছিলেন। টানা চার দিন তাকে বাইরে দেখা যায়নি এবং ঘরও খোলা হয়নি।
সোমবার বিকেলে বিষয়টি নিয়ে সন্দেহ হলে ডলি বেগম ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, দ্বিতীয় তলার সিঁড়ির সঙ্গে রশি বেঁধে ঝুলে আছেন তার স্বামী। দীর্ঘ সময় ধরে ঝুলে থাকার কারণে মরদেহ ফুলে গিয়ে বিকৃত হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, মরদেহটি পচে গিয়েছিল এবং সেখানে মাছি ভনভন করছিল। কতদিন আগে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার বিষয়টি জানিয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।