সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী টানপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার বেড়বাড়ী টানপাড়া এলাকার প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গেম খেলার জন্য আব্দুল্লাহ তার মায়ের কাছে মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু মা মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় সে অভিমান করে। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সখীপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা বলেন, আব্দুল্লাহ অত্যন্ত মেধাবী, শান্ত ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী ছিল। মঙ্গলবারও সে নিয়মিত ক্লাসে অংশ নিয়ে বাড়ি ফিরেছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।