পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আবারও ইরান সফরে গেছেন। শনিবার (৬ জুন) তিনি তেহরানে পৌঁছেছেন, যেখানে দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতামূলক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, সফরকালে নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ এগিয়ে নিতে কিছু নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এসব প্রস্তাব দুই দেশের মধ্যে সৃষ্ট অচলাবস্থা দূর করা এবং একটি সম্ভাব্য সমঝোতার পথ তৈরি করতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে গত ১৬ মে তেহরান সফর করেছিলেন মোহসিন নাকভি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা শুরু হওয়ার পর থেকে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
পাকিস্তানের উদ্যোগে গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তী সময়ে বাস্তবায়ন-সংক্রান্ত মতপার্থক্য ও আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আলোচনায় স্থবিরতা দেখা দেয়। নতুন এই সফরকে সেই অচলাবস্থা কাটানোর আরেকটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?