নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক রাতে পাঁচটি সেচ পাম্পের মোটর চুরির ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। চলমান সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বোরো-পরবর্তী কৃষি কাজ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া ও চরকাদাহ এবং মশিন্দা ইউনিয়নের বামুনকোলা মৌজায় সংঘবদ্ধ চোরচক্র একযোগে পাঁচটি সেচ পাম্পের মোটর চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন চিতলাপাড়া গ্রামের কৃষক আবুল কাশেম মোল্লা, দেরেশ ফকির ও বজলু মোল্লা এবং বামুনকোলা গ্রামের ওমর আলী ও তজের উদ্দিন প্রামাণিক।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই সেচযন্ত্র, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও কৃষি সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন কার্যক্রম। দ্রুত চুরি হওয়া মোটর উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত চোরচক্রকে শনাক্ত করা না গেলে ভবিষ্যতে কৃষি সরঞ্জাম চুরির ঘটনা আরও বেড়ে যেতে পারে। তাই কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।