সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর ভৌগোলিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় মহিপুরকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার দীর্ঘদিনের দাবিকে আরও জোরালো করতে এক নাগরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) আসরের নামাজের পর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ জনগুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
সভায় মহিপুর অঞ্চলের চারটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণার যৌক্তিকতা তুলে ধরা হয়।
সভায় স্থানীয় চারটি ইউনিয়নের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মহিপুর এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, মৎস্য আহরণ এবং পর্যটন শিল্পের অন্যতম কেন্দ্রবিন্দু। কিন্তু ভৌগোলিক দূরত্ব ও প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ মানুষ এখনও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
মহিপুরকে উপজেলায় রূপান্তর করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মানুষের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তারা আরও বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। এ দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ে জোরালোভাবে আবেদন জানানোর বিষয়ে সভায় সর্বসম্মত মতামত ব্যক্ত করা হয়।
সভায় মহিপুরের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘মহিপুর উপজেলা বাস্তবায়ন কমিটি’ গঠনের প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি মহিপুরকে উপজেলা ঘোষণার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন মহিপুর থানাকে উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর গত ১৫ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে তিনি মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণার দাবিটি স্পিকারের নিকট জোরালোভাবে উপস্থাপন করেন।