মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বালাইরমা খাসিয়া পুঞ্জিতে নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে খাসিয়া সম্প্রদায়ের সদস্যরা তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে তাকে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা সবাই বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খাসিয়া, গারো, মনিপুরী, চাকমাসহ সব সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে কাজ করতে হবে।”
পুঞ্জির মন্ত্রী রিওয়েল খংলা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যান, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খাসিয়া শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশু-কিশোররা নৃত্য ও সংগীত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
পরে খাসিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ঐতিহ্যবাহী উপহার প্রদান করা হয়। এ সময় স্থানীয়রা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।