আলী আক্কাস (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এতিমখানা ও শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করেছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বৃহস্পতিবার (২৮ মে) জেলা প্রশাসনের আয়োজনে তিনি শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক) পরিদর্শন করেন। এসময় সেখানে অবস্থানরত শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে শিশুদের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজে অংশ নেন জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ সদর উপজেলার “মুন্সিগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদরাসা” পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং কিছু সময় একসঙ্গে অতিবাহিত করেন।
জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার চেতনায় আয়োজিত এ কর্মসূচি ঈদুল আজহার ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তাকে আরও অর্থবহ করে তুলেছে।