বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি বলেছেন, পাহাড় ও সমতল অঞ্চলে বসবাসকারী মানুষের উন্নয়নে কোনো বৈষম্য রাখা হবে না। সমান নাগরিক সুবিধা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন চা বাগান পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খাসিয়া আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বসহকারে সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করা হবে এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এসময় তিনি বড়লেখা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাদক ও সীমান্ত চোরাচালান প্রতিরোধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
বড়লেখার পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেট ও মৌলভীবাজার দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন অঞ্চল। হাকালুকি হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, ইকোপার্ক ও চা বাগানকে কেন্দ্র করে এখানে ব্যাপক পর্যটন সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি জানান, পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে ইতোমধ্যে একটি ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে এবং এ খাতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
মন্ত্রী মাধবকুণ্ড পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন এবং পর্যটন এলাকার পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) রবীন্দ্র চাকমা, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানসহ স্থানীয় সাংবাদিকরা।