ক্ষমতাসীনদের সম্পদ অর্জন ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “বাংলাদেশে মন্ত্রীত্ব হলো সোনার পাথরের বাটির মতো। ক্ষমতায় গেলেই কুরবানির পশু, ফ্ল্যাট, প্লট, জমি, স্বর্ণালংকার, গাড়ি-বাড়িসহ বিপুল সম্পদের মালিক হয়ে যায় অনেকে। কেউ কেউ আবার দেশের বাইরে বাড়ি কিনছেন।”
তিনি আরও দাবি করেন, ক্ষমতাবানদের সন্তানদের জীবনযাপন এতটাই বিলাসী যে তা বিদেশি রাজপরিবারকেও হার মানায়। আয়ের উৎস জানতে চাইলে অনেকেই ‘বাবা’কেই একমাত্র উত্তর হিসেবে ব্যবহার করেন বলে কটাক্ষ করেন তিনি।
পোস্টে তিনি ক্ষমতাবানদের জীবনধারা ও আচরণ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন। পাশাপাশি অভিযোগ করেন, কেউ কেউ মিডিয়া ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন এবং ক্ষমতার অপব্যবহার করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সমাজে একশ্রেণির মানুষ রাতারাতি প্রভাবশালী হয়ে ওঠে এবং সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে।
তবে পোস্টের শেষদিকে তিনি শ্রীলঙ্কা ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। ক্ষমতার অপব্যবহারের পরিণতি একদিন ভোগ করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।