ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে ঢাকা ফেরত যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছিল। ৩, ৪ ও ৭ নম্বর ঘাট ব্যবহার করে পারাপার কার্যক্রম চলছিল।
তবে বুধবার সকালে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়।
পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সকাল ৮টা ১০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি চালু রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।