মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের আরও কয়েকটি দোকান রক্ষা পেয়েছে।
শনিবার (২৪ মে) ভোর ৪টা ৪৯ মিনিটের দিকে উপজেলার আটপাড়া এলাকায় শ্রীনগর কোল্ড স্টোরেজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনে একটি একচালা টিনশেড মার্কেটের ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান খালি ছিল এবং বাকি পাঁচটি দোকানে মালামাল ছিল।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান এবং একটি সিএনজি গ্যারেজ। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন আব্দুর রশিদ, রহিম, আবুল, বাবুল, জানে আলম, আলাউদ্দিন, মিন্টু, আলী আকবর, বাচ্চু ও রিপন।