পটুয়াখালী শহরে পুকুরে ডুবে লামিয়া আক্তার (১০) ও মোসা. সেফা মনি (১১) নামে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে শহরের টাউন কালিকাপুর এলাকার উকিল বাড়ি সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার ওই এলাকার জাকির হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে সেফা মনি আবু সুফিয়ানের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা একে অপরের ঘনিষ্ঠ বান্ধবী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু পুকুরপাড়ে খেলাধুলা করছিল। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।