লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্তের শূন্যরেখা লাগোয়া স্থানে আবারও বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের তীব্র আপত্তি ও কঠোর প্রতিবাদের মুখে খুঁটি স্থাপন বন্ধ করল বিএসএফ।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে দহগ্রাম ইউনিয়ন সীমান্তের দহগ্রাম বিজিবি ক্যাম্পের (বিওপি) আওতায় দহগ্রাম সীমান্তে ডিএএমপি ৭/৩০-এস পিলারের লাগোয়া শূন্যরেখা হতে ভারতের ১০-২০ গজ অভ্যন্তরে আবারও ভারতীয় বিএসএফ কর্তৃক বাঁশের খুঁটি স্থাপনের প্রচেষ্টা চালায়। পরে তাৎক্ষণিক বিজিবি টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরালো প্রতিবাদ জানালে বিএসএফ খুঁটি স্থাপন কার্যক্রম বন্ধ রাখে।
এ সময় ওই সীমান্তের নিকটবর্তী স্থানে বাংলাদেশ অংশে ৪-৫ সেকশন বিজিবি সদস্য ও ভারতীয় অংশে প্রায় ৪০-৫০ জন বিএসএফ সদস্য প্রতিরক্ষায় অবস্থান নিলে ওই সীমান্তে উত্তেজনা দেখা দেয়। পরে ওই উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিকমিউনিকেশনের মাধ্যমে বিএসএফ কর্তৃক যাবতীয় কার্যক্রম স্থগিতের করলে এবং বিএসএফ ও বিজিবির সদস্যগণ ঘটনাস্থল ত্যাগ করে চলে আসে এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
এর আগে সোমবার (১৮ মে) একই সীমান্তের ডিএএমপি ৬/১৬-এসের নিকট শূন্য লাইন হতে ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের তরুণ ক্যাম্পের সদস্যরা ১৫টি বাঁশের খুঁটি স্থাপন করতে এলে বিজিবির বাধায় পিছু হটে এবং স্থান ত্যাগ করে চলে যায়।
বিজিবি সূত্রটি আরও জানায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলিবাড়ি কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনের নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় ও বিজিবির টহল দলের নজরে এলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয়। বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় ও কড়া জবাবের পর পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করে স্থাপন করা খুঁটিটি দ্রুত তুলে নিয়ে যান।
এ বিষয়ে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করে এবং কড়া প্রতিবাদের কারণে বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্য ভারতীয় বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে উক্ত সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক।