কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি:
সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ১টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষা ও প্রজনন নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৭ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
পরবর্তিতে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।