পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হামলার শিকার হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় রাত ১০টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার দলীয় নেতাকর্মীদের নিয়ে থানার সামনে বিক্ষোভ করেন।
আহত জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং একই গ্রামের নজির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন কর্মীর সঙ্গে জিল্লুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তাঁদের একজনকে থাপ্পড় মারেন বলে জানা যায়।
এর জেরে রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় কালিনজিরা ব্রিজের ওপর তাঁর ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হামলার খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগারের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা ভাঙ্গুড়া থানা ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। তবে গ্রেপ্তারের স্বার্থে হামলাকারীদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।