মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে তাসলিমা খাতুন (৩২) নামের গৃহবধুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলার এজাহার ভুক্ত ১ নাম্বার আসামি নিহত গৃহবধুর স্বামী উজ্জ্বল প্রামাণিককে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের একটি দল।
রোববার (১৭ই মে) দুপুরে শাহজাদপুর আমলী আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে তাকে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ই মে সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু পূর্বপাড়া গ্রামে নিজ স্বয়ং কক্ষ থেকে গৃহবধূ তাসলিমা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ সময় নিহত গৃহবধুর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক ছিল।
পরে তথ্য অনুসন্ধানে জানা যায়, শাশুড়ি রহিমা খাতুনের পরকীয়া প্রেমের বিষয়টি জেনে যাওয়ায় পারিবারিকভাবে পুত্রবধূ তাসলিমা খাতুনকে নির্যাতন করা হয়। নিহতের পরিবারের দাবি রাতের কোন এক সময় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন ও শ্বাস রোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে তারা পালিয়ে যায়।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিনই নিহতের পিতা তাহের মন্ডল বাদী হয়ে স্বামী উজ্জ্বল ও তার বাবা মা সহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআই মাহমুদুল ও এএসআই ফারুকের নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশের একটি দল শনিবার বিকেলে ঢাকার আশুলিয়া থেকে নিহত তাসলিমা খাতুনের স্বামী মূল অভিযুক্ত উজ্জ্বল প্রামাণিককে গ্রেফতার করা হয়।