জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে বর্তমান সরকারও জনগণের সমর্থন হারাবে এবং তার পরিণতি পতিত আওয়ামী লীগ সরকারের মতো হতে পারে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, দেশের রাজনীতি জনগণের আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হলে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, দেশের সিদ্ধান্ত দেশের জনগণের স্বার্থেই নেওয়া উচিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে সারজিস বলেন, জনগণ প্রত্যাশা ও আস্থার জায়গা থেকে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। সেই আস্থার মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব। তিনি দাবি করেন, সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে ভবিষ্যৎ নির্বাচনে জনগণ ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে।
জুলাই আন্দোলনের চেতনা দেশজুড়ে ছড়িয়ে দেওয়া এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এনসিপি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে দেশব্যাপী পদযাত্রা ও পথসভার আয়োজন করছে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ এবং স্থানীয় নেতারা।