দুদিনে রাজধানীতে ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিএমপি। সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, তদবির করে কাউকে ছাড়ানো হবে না; কেউ তদবির করলে তাকে চক্রের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।
রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ৯৪ জনের মধ্যে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।
তিনি বলেন, চাঁদাবাজি দমনে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। শুধু চাঁদাবাজ নয়, ছিনতাইকারী ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে একাধিক ছিনতাইকারী চক্র শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার আরও জানান, অপরাধ দমনে সমন্বিত নিরাপত্তা কৌশল নেওয়া হয়েছে। হটস্পট এলাকায় ব্লক রেইড চালিয়ে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে।
ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং অনলাইন প্রতারণা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন বাড়ানো হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, পুলিশের ভেতর থেকে কেউ অভিযানের তথ্য ফাঁস করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।