২০২৭ সালের মধ্যে বাংলাদেশে কোনো রোহিঙ্গা থাকবে না—এমন আশাবাদ ব্যক্ত করেছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। শনিবার (২ মে) সকালে উখিয়ার পালংখালী স্টেশনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী বছরের মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করছে।
তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট মহলে জোরালোভাবে তুলে ধরা হবে এবং আন্তর্জাতিক পর্যায়েও এ বিষয়ে উদ্যোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের জন্য চাকরির সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
এমপি শাহজাহান চৌধুরী পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, নাফ নদীর বাংলাদেশের অংশে স্থানীয় জেলেরা যেন অবাধে মাছ ধরতে পারে, সে ব্যবস্থা নেওয়া হবে এবং সীমান্তে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
মানববন্ধনে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ৭ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ছিল অবাধ চলাচল বন্ধ, মাদক ও মানবপাচার রোধ, চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।