যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ পারস্পরিক আস্থা নষ্ট করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের ‘বৈরী আচরণ ও অপারেশনাল চাপ’ অব্যাহত থাকলে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয় এবং এ অবস্থায় তেহরান আলোচনায় বসবে না।
রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা জানান। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের মধ্যে সংলাপের পরিবেশ তৈরি হয় না; বরং তা যুদ্ধবিরতির উদ্যোগকে আরও জটিল করে তোলে।
তিনি আরও উল্লেখ করেন, পরিস্থিতি স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমেই ইরানের বন্দরগামী জাহাজের ওপর আরোপিত বাধা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
অন্যদিকে, শেহবাজ শরিফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের ভূমিকা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদ সফর শেষে ওমানে পৌঁছেছে, যেখানে আঞ্চলিক উত্তেজনা নিরসনে নতুন করে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?