১৭ বছর ধরে রাজনৈতিক স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। তাঁর ভাষায়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে ইতিহাসকে বিকৃত করে ব্যক্তিকেন্দ্রিকভাবে উপস্থাপন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়াপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, আগের সরকার ছিল ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক চরিত্রের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বই প্রকাশে অনিয়ম ও পক্ষপাতিত্বের কথাও তুলে ধরে তিনি জানান, ভবিষ্যতে এসব থেকে সরে এসে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং সত্যনির্ভর ইতিহাস তুলে ধরতে নতুনভাবে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।
নিজেকে তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে ইশরাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।