রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় একটি মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
গত ৩০ মার্চ (সোমবার) রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে ছত্রখিল পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল ৪নং আমড়াতলী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আমড়াতলী বাজার থেকে কোটেশ্বরগামী রাস্তার ওপর জনৈক হিরন মিয়ার বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি সিএনজিযোগে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়। তবে অন্যজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ ইকবাল হোসেন (৩৭), পিতা- মোঃ মফিজ মিয়া, সাং- বড়জ্বালা (মুজার বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
পলাতক আসামী: মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা- তাজুল ইসলাম, সাং- কোদালিয়া, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
পুলিশ জানায়, আটককৃত ইকবাল হোসেনকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যে সিএনজির সিটের পেছনে লুকানো অবস্থায় খাকী স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত পুরাতন সবুজ রঙের সিএনজিটি জব্দ করা হয়।
আসামীর স্বীকারোক্তি ও আইনি ব্যবস্থা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেছে যে, তারা সীমান্ত এলাকা থেকে কম মূল্যে গাঁজা সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
ছত্রখিল পুলিশ ফাঁড়ির আইসি জানান, পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।