ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার সরকারি দায়িত্বে থাকা অবস্থায় গত ২৬ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী একটি বেসরকারি চেম্বারে রোগী দেখতে যান। এ সময় এক সাংবাদিকের ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। পরে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
তিনি জানান, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তিন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমত, সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী কেন তাকে সাময়িক বরখাস্ত করা হবে না সে বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে নোটিশ দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত, তাকে চিকিৎসা সেবা দেওয়া থেকে বিরত রাখতে তার চিকিৎসা লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। তৃতীয়ত, বিষয়টি নিয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় কোনো চিকিৎসক ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারিভাবে চিকিৎসা দিলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সরকারি হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতেই এ ধরনের নজরদারি জোরদার করা হয়েছে।