জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন অন্যায়-অবিচারের শিকার হলেও তিনি প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা।
সোমবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
চিফ হুইপ বলেন, অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, অতীতে অনেক মানুষ স্বজন হারিয়েও ন্যায়বিচার পাননি। বর্তমান সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে জনগণের দোরগোড়ায় বিচার পৌঁছে দিতে কাজ করছে।
আইন সংস্কার প্রসঙ্গে মো. নূরুল ইসলাম বলেন, মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার উন্নয়ন সহযোগীদের মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। নাগরিকের অধিকার সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় আইন ও নীতিমালার সংস্কার অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।