প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সরকারের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের স্বার্থ। তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিশ্বাস করে সরকার সব সিদ্ধান্ত নিচ্ছে এবং যেকোনো অর্জন দেশের মানুষের জন্যই।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকার ও সংসদ সদস্যদের ওপর অর্পণ করেছে। তাই সবসময় বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কাজ করা হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ শুধু একটি স্লোগান নয়, এটি সরকারের নীতিগত অবস্থান। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
তারেক রহমান আরও বলেন, কোনো সফর বা উদ্যোগের মাধ্যমে যদি ইতিবাচক কোনো অর্জন আসে, তবে সেটি কোনো ব্যক্তি বা দলের নয়; বরং পুরো বাংলাদেশ ও দেশের মানুষের অর্জন।
বক্তব্যের শেষে তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।