প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন গায়ক আসিফ আকবরকে নিয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্ফোরক মন্তব্য করেছেন।
বুধবার রাতে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন আসিফ আকবরের মদপান, আদালতে দেওয়া বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়া এবং সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য নিয়ে কথা বলেন। একইসঙ্গে নিজের পছন্দের শিল্পীদের তালিকায় আসিফ আকবরের নাম ছিল বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন তাঁর পোস্টে দাবি করেন, মাথার সমস্যার কারণে মদপান করতে হয় বলে আদালতে জানিয়েছিলেন আসিফ আকবর। তবে তিনি কখন বা কতক্ষণ মদপান করতেন, সে বিষয়ে তাঁর জানা নেই বলেও উল্লেখ করেন। পাশাপাশি ৩ আগস্ট বিএনপির ৩৬ ঘণ্টার আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটতে আসিফ আকবর লন্ডনে উপস্থিত হয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় আসিফ আকবর সমালোচিত হয়েছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, তাঁর ধারণা, ‘মাথায় সমস্যা থাকার কারণে’ আসিফ আকবর ওই ভুল করেছিলেন এবং পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আসিফ আকবর বিসিবির পরিচালক হয়েছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, পরবর্তীতে সুযোগ না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন বলে তাঁর মনে হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে আসিফ আকবরের মন্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রপতিকে নিয়ে এমন মন্তব্য করার সময় আসিফ আকবরের ‘মাথা ঠিক ছিল কি না’। প্রয়োজনীয় বক্তব্য দেওয়ার আগে ভেবে ও নিজেকে সংযত করে কথা বলার পরামর্শও দেন তিনি।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে নিয়ে আসিফ আকবরের ‘গুম’ সংক্রান্ত মন্তব্যের ভাষা তাঁকে শেখ হাসিনার বক্তব্যের কথা মনে করিয়ে দিয়েছে। তাঁর দাবি, বিদেশে গিয়ে আওয়ামী লীগপন্থী বলয়ের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই আসিফ আকবরের বক্তব্যে এমন পরিবর্তন দেখা যাচ্ছে।
তবে রাজনৈতিক সমালোচনা নিয়ে আপত্তি না থাকলেও গুমের মতো বিষয়কে কটাক্ষ করার সমালোচনা করেন রাশেদ খাঁন। একইসঙ্গে তিনি বলেন, আসিফ আকবর বাংলাদেশের একজন প্রিয় শিল্পী এবং তাঁকে তিনি দীর্ঘদিন ধরে পছন্দ করেন।
পোস্টের শেষাংশে নিজের ব্যক্তিগত পছন্দের কথাও তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি জানান, ছোটবেলা থেকেই আসিফ আকবরের গান তাঁর ভালো লাগত এবং পছন্দের শিল্পীদের তালিকায় আসিফও ছিলেন। তাঁর মতে, শিল্পীদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকাই শ্রেয়। একইসঙ্গে আসিফ আকবরকে উদ্দেশ করে তিনি বলেন, প্রিয় শিল্পী হিসেবে তাঁকে ভালোবাসেন বলেই তাঁর কাছ থেকে এমন মন্তব্য বা আচরণ প্রত্যাশিত নয়।