পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার ডা. জসিম উদ্দিন মুকুল হাসপাতালের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার মৃত এহসান হাওলাদারের ছেলে মো. রাজা হাওলাদার (৩২) এবং চর কাজল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার এসআই (নিঃ) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-৪৫, তারিখ ২৫ আগস্ট ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।