বাংলাদেশ সীমান্তে কথিত পুশইন ও সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। বুধবার বিকেলে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পুরানা পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে বিজয়নগর পানির ট্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও প্রাণহানির ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, বর্তমান বাস্তবতায় দেশের স্বার্থ ও নিরাপত্তা প্রশ্নে সরকারকে আরও দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি সংশ্লিষ্ট বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি নাজিমউদ্দীনের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।