আর্জেন্টাই ক্ষুদে জাদুকর লিওনেল মেসি জোড়া গোল ও সমান অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে আজ রোববার (২০ জুলাই) বড় জয় এনে দিয়েছেন। এর ফলে ফ্লোরিডার ক্লাবটি নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। এদিনের ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছেন মেসি।
এর মধ্যে একটি পেশাদার ফুটবলে পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের রেকর্ড। যা এতদিন তার চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে ছিল। আজ রোববারের ম্যাচে জোড়া গোল করে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। পেনাল্টিহীন গোলের ক্ষেত্রে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর মেসি।
ইন্টার মায়ামির বড় ব্যবধানে জিততে মূল কারিগরের ভূমিকায় ছিলেন মেসি। দুটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। তাতে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসির পেনাল্টিহীন গোল দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ ম্যাচে ৭৬৪।
বিপরীতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ১ হাজার ২৮১ ম্যাচে গোল ৭৬৩টি। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কাতার বিশ্বকাপ জয়ী মেসি।
টানা ৫ ম্যাচে জোড়া গোল করা মেসির এটি সাত ম্যাচে ষষ্ঠ জোড়া গোলের নজির। তাতে মেজর লিগ সকারে সর্বোচ্চ গোলের তালিকায় চূড়াতে অবস্থান করছেন তিনি। চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা এখন ১৮-দড়িয়েছে।