মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

যে অপূর্ণতা ভেঙে বিশ্বকাপের শুভসূচনা করল আর্জেন্টিনা

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকের সুবাদে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আলবিসেলেস্তেরা। একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় না পাওয়ার দীর্ঘদিনের আক্ষেপও দূর করেছে দলটি। বুধবার কানসাস সিটিতে অনুষ্ঠিত জে-গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার […]

যে অপূর্ণতা ভেঙে বিশ্বকাপের শুভসূচনা করল আর্জেন্টিনা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

১৭ জুন ২০২৬, ১১:১৮

২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকের সুবাদে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আলবিসেলেস্তেরা। একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় না পাওয়ার দীর্ঘদিনের আক্ষেপও দূর করেছে দলটি।

বুধবার কানসাস সিটিতে অনুষ্ঠিত জে-গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। ম্যাচের পঞ্চম মিনিটে মেসি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ১৭তম মিনিটে সেই হতাশা কাটিয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। রদ্রিগো দে পলের পাস থেকে বল পেয়ে দূরপাল্লার শক্তিশালী শটে আলজেরিয়ার জালে বল জড়ান তিনি।

প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ গড়ে তুললেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল।

দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তনের মাধ্যমে আক্রমণে নতুন গতি আনেন কোচ স্কালোনি। হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেসসহ বদলি খেলোয়াড়দের উপস্থিতিতে আলজেরিয়ার রক্ষণভাগের ওপর চাপ আরও বাড়তে থাকে।

ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক লুকা জিদান নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপরও একাধিক সুযোগ তৈরি হলেও আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের কয়েকটি চমৎকার সেভে হ্যাটট্রিকের অপেক্ষা দীর্ঘ হয়। তবে ৭৬তম মিনিটে আর কোনো ভুল করেননি মেসি। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।

এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬। ফলে তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওকে ছাড়িয়ে জার্মানির মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডের সমতায় পৌঁছে যান। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন আর্জেন্টাইন মহাতারকা।

সব মিলিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা শক্তিশালী বার্তা দিয়েছে প্রতিপক্ষদের। আর লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন, বয়স বাড়লেও বড় মঞ্চে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার সামর্থ্য এখনো তার অটুট।

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।

খেলা

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ,ওমরাহ পালন করলেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। একসময় স্পেনের রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম […]

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ,ওমরাহ পালন করলেন ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ১৭:৫৯

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।

একসময় স্পেনের রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। এরপর প্রথমবার ওমরাহ পালন করেন সুজা। কয়েক মাসের ব্যবধানে আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন এই ব্রাজিলিয়ান।

সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম সুজার। ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের হয়ে সেন্টারব্যাক পজিশনে খেলেন তিনি। নিজের শহরে নারীদের ফুটবল খেলার সুযোগ সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কলেজ পর্যায়ে ফুটবলেও অংশ নেন।

পড়াশোনা শেষে ইউরোপে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়ে তোলেন সুজা। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি। ইউরোপের অধ্যায় শেষে ২০২৪ সালের আগস্টে আল নাসরের নারী দলে যোগ দেন। পরে ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সুজার ইসলাম গ্রহণের বিষয়টি সামনে আসে। সে সময় আল নাসর উইমেন দল একটি ভিডিও প্রকাশ করে তার নতুন জীবনের এই অধ্যায়ের কথা জানায়। ভিডিওর ক্যাপশনে তার জন্য স্থিরতা, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়।

শাহাদাহ পাঠের পর প্রথমবার ওমরাহ পালন করেছিলেন সুজা। এবার কয়েক মাস পর আবারও মক্কায় গিয়ে পবিত্র এই ইবাদত সম্পন্ন করলেন তিনি।